নোয়াখালীতে ভয়াবহ আগুন, নিহত ৩

করোনা আতঙ্কের মধ্যেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দগ্ধ হয়ে একটি দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও কর্মচারী রহমতের মৃত্যু হয়।

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় আরও এক দগ্ধ দোকান কর্মচারী খালেদের (৫০) মৃত্যু হয়েছে। খালেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এ নিয়ে তিন জন মারা গেছে।

প্রত্যক্ষদর্শী শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন মহিবুল ইসলাম নিপুর তেলের দোকানে ছিলেন। দোকানের মালিক নিপুসহ তিনজন পেছনে হিসাব করছিলেন। সামনে ছিল দুইজন। হঠাৎ রাত ১০টার দিকে দোকানের সামনে বিকট শব্দ করে আগুনের লেলিহান শিখা পেছনের দিকে যায়। এ সময় তিনি লাফ দিয়ে বের হতে সক্ষম হন।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও দোকান কর্মচারী রহমতসহ দুইজন দগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন আরও দুইজন। অগ্নিদগ্ধ খালেদকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সুবর্ণচর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নুরনবী বলেন, খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘটনাস্থলেই দুইজন দগ্ধ হয়ে মারা গেছেন বলেও তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর