সাতক্ষীরায় শিশু কন্যাসহ মায়ের আত্মহত্যা

সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী তাজমিরা খাতুন (২৬) ও তার সাত বছরের মেয়ে ফাতেমা খাতুন। তারা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তাজমিরার স্বামী মনিরুল ইসলাম একজন মাটি কাটা শ্রমিক। সোমবার সকালে তিনি দাঁতভাঙা বিলে মাটি কাটতে যান। এরপর তাজমিরার সঙ্গে তার শাশুড়ি রিজিয়া খাতুনের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বাধে।

এতে ক্ষুব্ধ হয়ে তাজমিরা তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী আনছারুল মোল্লার বাগানে গিয়ে একসঙ্গে গ্যাস ট্যাবলেট খায়। এতে তাজমিরা ও ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর তাজমিরা ও ফাতেমা মারা যায়।

তবে বেঁচে যায় দু’বছরের শিশু মেহেরিনা। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে জানান, পারিবারিক জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রিজিয়া খাতুনকে নজরদারিতে রেখেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর