প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির সময়ে অর্পিত দায়িত্ব পালন করতে মো. রফিকুল ইসলাম নামের আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
মৃত রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কনস্টেবল মো. রফিকুলসহ সোমবার (২২ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩১ জন সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করলেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বার্তা বাজার / ডি.এস