বগুড়ার চাঞ্চল্যকর বিপ্লব সরকার হত্যার রহস্য এবং এর সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান হত্যাকারী রাজিব হোসেন রাজুকে যশোর থেকে গ্রেফতারর পর তার দেয়া তথ্য নিয়ে রবিবার বিকালে আরো চারজনকে বগুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।
অভ্যন্তরীণ বিরোধের জেরেই বিপ্লবকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেফতার অন্য আসামিরা হলেন, শহরের খান্দার এলাকার বেলাল হোসেন ও তার ভাই হাসান আলী, একই এলাকার আব্দুর রহমান ওরফে শুটকু ও সোনাতলা উপজেলার লক্ষ্মী নারায়ণপাড়ার সঞ্জয় কুমার মন্ডল।
পুলিশ সুপার বলেন, ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি বগুড়ার সোনাতলা উপজেলর নগরপাড়া মহিশাপাড়া গ্রামে গনিজান কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এরপর লাশের কোনো পরিচয় না পেয়ে পুলিশ একটি হত্যা মামলা করে। পরে লাশের ছবি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জানা যায় নিহতের নাম বিপ্লব। তার বাবা বগুড়া সদরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার হযরত আলী থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে তাকে লাশ বুঝে দেয়া হয়।
বার্তা বাজার / ডি.এস