বরগুনার আমতলীতে ৪টি গ্রামের পানি নিষ্কাশনের জন্য ও দেড়শ একর জমির ফসলের সেচের জন্য কালভার্ট নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে। চাঁদা না দেয়ায় ঠিকাদারকে লাঞ্ছিত করার অভিযোগও উঠে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া আবাসন সংলগ্ন রাস্তার উপর বক্স কালভার্ট ও রাস্তা নির্মাণের জন্য আবুল কালাম আজাদ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এ প্রতিষ্ঠানের কাজ চুক্তিতে নিয়ে কাজ করার জন্য সাব কন্ট্রাক্টর তুহিন মৃধা শ্রমিকদের নিয়ে কাজ শুরু করতে পাঠালে হলদিয়া গ্রামের আফসার মাষ্টারের ছেলে জাকারিয়া নেতৃত্বে আফজাল মোল্লা, সজিব ও আসাদসহ বেশ কয়েকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রিত হয়ে চাঁদার দাবীতে কালভার্টের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই ঘটনা শ্রমিকরা সাব-কন্ট্রাকটার তুহিন মৃধাকে জানালে সে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় জাকারিয়া ও তার সাথে থাকা লোকজন সাব-কন্ট্রাকটার তুহিনের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবী করে।
সাব-কন্ট্রাকটার তুহিন মৃধা চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রথমে গালাগাল ও পরে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। তখন তুহিন মৃধার সাথে থাকা জুয়েল রাঢী এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা রড দিয়ে তাকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে মুঠোফোনে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং আমতলী থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয়রা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবী করেন।
বার্তা বাজার / ডি.এস