ইউপি সদস্যের বাড়ি থেকে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে র‌্যাবের অভিযানে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটকা করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালায় র‌্যাব- ১০। এসময় পালিয়ে যায় আরো দুই মাদক কারবারি।

সিরাজদিখান থানায় দায়ের করা র‌্যাব ১০এর অভিযোগ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১০ উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজ্রেরহাটি গ্রামে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মেম্বারের বাড়ীতে অভিযান চালিয়ে ৪৩৯ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের সেকান্দর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৩৫) ও যশোর জেলার বাঘারপাড়া থানার বেতালপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ মিলন(২৮)। এসময় রহিম মিয়া (৩২) ও শাহাদাৎ খান (৩৭) নামে আরো দুই মাদক কারবারি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৮ হাজার টাকা। আটকৃতরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের বাড়ির ভাড়াটিয়া।

সিরাজদিখান থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক বার্তা বাজারকে জানান, সোমবার দুপুরে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিসহ ৪ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক দুই আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর