দিনাজপুরে দুই যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরে পৃথক দুটি ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান জানান, আজ সোমবার সকালে সদর উপজেলার সুন্দরা সীমান্ত এলাকায় একজনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি উভয়েই সীমান্তবর্তী এলাকায় গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি সুন্দরা স্বরসতীপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। ভারত ও বাংলাদেশের সুন্দরা জুলকাপাড়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে তার লাশ পাওয়া যায়।

তবে সামীন্তবর্তী এলাকায় ওই লাশের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সীমান্ত বাহিনী হত্যা করেছে কিনা এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি। এ বিষয়ে জানার জন্য দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শরিফুল্লাহ আবেদ এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপরদিকে কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকায় বড়ডারা খালে একজনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানি থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে জানিয়ে তিনি বলেন, ‘তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই এবং তার নাম ও পরিচয় বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। নিহতের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর