করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজার আজ সোমবার হঠাৎ স্বাস্থের অবনতি ঘটেছে। পুরনো অসুখ অ্যাজমা শরীরে মজুদ থাকায় সকাল থেকেই বুকে চাপ অনুভব করছে বলে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার সদস্যরা। দেশের বেশ কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করে।
কিন্তু মাশরাফির পরিবার সূত্র বলছে খবরটি সঠিক নয়। মাশরাফি সুস্থ আছেন।
জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি। করোনায় আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজার জন্য ইতোমধ্যেই প্রেসক্রিপশন পাঠিয়েছেন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) প্রেসক্রিপশন পাঠানো হয়েছে মাশরাফীকে। বিসিবি সভাপতি তার সঙ্গে কথা বলেছেন। ’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাশরাফীর পুরোনো অ্যাজমা রোগ নিয়ে তারা একটু চিন্তিত।তবে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। শুধু ঘুম একটু কম হচ্ছে।
‘সে অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন। ’
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাশরাফী সংকট মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন। মাশরাফীর অ্যাজমা থাকলেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন বিসিবির চিকিৎসকেরা।
বার্তাবাজার/কে.জে.পি