ঢাকার সাভারে আশুলিয়ার কবিরপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে বলে জানা যায়। এঘটনায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র থেকে জানা যায়, রায়হান সরকার নামের ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলো। এসব কাজে সে কখনো পিকনিকের বাস আবার কখনও কাভার্ড ভ্যান ব্যবহার করে মাদক পরিবহন করতো। গোপন সূত্রে র্যাব খবর পায় যে আজ (সোমবার) সকালে আশুলিয়ার কবিরপুরে জনৈক মোশারফ হোসেনের বাড়িতে সে অবস্থান করছে।
এসময় র্যাব-২ এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। তখন মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভিতর থেকেই র্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে র্যাবের দুই সদস্যও আহত হন বলে জানায় র্যাব।
এব্যাপারে, র্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহত মাদক ব্যবসায়ী রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে