দেশে পুলিশে করোনা জয়ীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সম্মুখযোদ্ধা পুলিশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৮ জন, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। তবে ইতোমধ্যে পুলিশের ৫ হাজার ১৩৩ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২২ জুন) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, রবিবার (২১ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩০ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশসেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।

আইজপি হিসেবে দায়িত্ব নেবার পর ড. বেনজীর আহমেদ বিরামহীনভাবে করোনা প্রতিরোধে দিকনির্দেশনা দিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করতে সদাব্যস্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর