প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজারের বেশি। এটিই ছিলো একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক শনাক্ত। চীনে উৎপত্তির পরে ইউরোপ একসময় প্রাদুর্ভাবের কেন্দ্র থাকলেও এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে দুই আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। এরইমধ্যে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রবিবার একদিনে শনাক্তে শীর্ষে ছিল ব্রাজিল; ৫৪ হাজার ৭৭১। যথাক্রমে যুক্তরাষ্ট্র ৩৬ হাজার ৬১৭ এবং ভারতে ১৫ হাজার ৪০০। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ভাইরাসটির বিস্তার বৃদ্ধির বেশির পাশাপাশি পরীক্ষার হার বাড়ানোও এর কারণ।
করোনার সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ তথ্য মতে, মহামারি করোনাভাইরাস সংক্রমিত করোনা রোগে আক্রান্ত হিসেবে বিশ্বে এখন পর্যন্ত ৯০ লাখ ২৫ হাজারের বেশি মানুষকে শনাক্ত করা গেছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজারের কাছাকাছি।
আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্ত ২৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ১ লাখ ২২ হাজার এর বেশি মারা গেছে। এছাড়া শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে লাতিন আমেরিকার ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
করোনার বিস্তার বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ‘করোনার নতুন ও বিপজ্জনক ধাপে” আমরা। গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে, যা এযাবৎকালে সর্বোচ্চ।’
তিনি আরও জানান, ‘ভাইরাসটি এখনো দ্রত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রাণঘাতী এবং বেশিরভাগ মানুষ এখনো সংক্রমণ সংবেদনশীল অর্থাৎ অনেকের দেহেই ভাইরাসটির সংক্রমণের শঙ্কা রয়ে গেছে। আমেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।’
বিশ্বজুড়ে সংক্রমিত রোগী শনাক্তের দিক থেকে বাংলাদেশ ১৭ নম্বরে। দেশে মোট শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। এদিকে গতকাল রোববার ভারতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজারের বেশি রোগী শনাক্তের পর মোট আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে। পাকিস্তানেও সংক্রমণের রেকর্ড হচ্ছে।
বার্তাবাজার/এমকে