ভারত-চীনের সমস্যা মেটাতে এবার ২ নৌকায় পা ট্রাম্পের

ভারত ও চীনের সীমান্ত বিবাদ সমাধান করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমরা ভারতের সঙ্গে কথা বলছি, চীনের সঙ্গে কথা বলছি। বড় সমস্যা রয়েছে ওদের মধ্যে।”

শনিবার একথা নিজেই জানিয়েছেন তিনি।

বিগত কয়েকদিন ধরেই সংঘাতের বিষয়ে ভারতের হয়েই কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউস এই সংঘাতের জন্য দায়ী করেছে চীনকে। মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও বলেছিলেন, “পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করছে। অবৈধ ভাবে সীমান্তের জমি দাবি করছে। দক্ষিণ চীন সাগরেও তাঁরা সামরিক কার্যকলাপ চালাচ্ছে।” এমনকি চীনের কমিউনিস্ট পার্টিকে “প্রতারক অভিনেতা” বলেছিলেন পম্পেও। কিন্তু শনিবার ট্রাম্প বললেন, “ওরা সংঘাতে জড়িয়েছে। আমরা ওদের সাহায্য করবো।”

এর আগেও ভারত ও চীন সমস্যার মধ্যস্থতা করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু দুই দেশ নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেছিল। তারপর ভারতের ২০ সেনা জওয়ান শহিদ হন। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী ৩৫ চীনা সেনাও নিহত হয়েছেন। ২ জুন ভারত-চীন সমস্যা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর