ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে চার যুবকের বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে ওই কিশোরী নিজেই বাদী হয়ে চার যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই কিশোরী ডোবরা পারটেক্স জুটমিলে কাজ করেন। এর আগে বিষয়টি গ্রাম্য সালিশে মীমাংসা করার কথা থাকলেও তা হয়নি।

অভিযুক্ত ওই চার যুবক হলেন, উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্র ডোবরা গ্রামের জিহাদ শেখ (২২), রিয়াজুল শেখ (২৪), শহিদুল (২০) ও সাব্বির (১৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২জুন বেলা ১১টার দিকে ওই কিশোরী ডোবরা এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ডোবরা ফাঁকা জায়গায় পৌঁছালে অভিযুক্ত ওই চার যুবক তাকে ঝাপটে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় মাতবররা বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা করে দেবে বলে আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে সালিশ মীমাংসা না হওয়ায় ঘটনার ৮ দিন পর আজ রবিবার দুপুরে ওই কিশোরী নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন অপরাধীই ছাড় পাবে না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর