লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ উল্লাহ সহিদ করোনা উপসর্গে মারা গেছেন। রোববার ভোর রাতে তার মৃত্যু হয়। এদিন বিকেল ৩টায় তার দাফন সম্পন্ন হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ ও ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাজাহানের অর্থায়নে এবং রামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় উপজেলা লাশ দাফন কমিটির সভাপতি ও পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি টিম চেয়ারম্যান সহিদ উল্যার দাফন সম্পন্ন করেন।
এর আগে রোববার ভোর রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যান সহিদ উল্যার সহিদের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্তা বাজার / ডি.এস