কুষ্টিয়ায় করোনা উপসর্গে মৃত ব্যবসায়ীর লাশ দাফন করল পুলিশ

কুষ্টিয়া ভেড়ামারা শহরের এক ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে শনিবার (২০ জুন) রাতে মৃত্যুবরণ করেন। ওই ব্যবসায়ীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কথা পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানা পুলিশকে জানালে রাতেই ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আল বেরুনী ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ দিন আগে থেকে হঠাৎ করেই বুলবুলের শরীরে দেখা দেয় জ্বর ও শুকনো কাশি। মৃত্যুর ২ দিন আগে শ্বাসকষ্ট বেড়ে গেলে গতকাল শনিবার দিনে ওই ব্যবসায়ী নিজেই মুঠোফোনে হাসপাতাল কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য জানায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট ও শরীরে জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন তিনি।

ওই ব্যবসায়ী কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ভেবে পরিবার ও স্বজনরা কেউ লাশের কাছে আসেনি। অবশেষে ভেড়ামারা থানা পুলিশের একটি টিম করোনা উপসর্গ নিয়ে মৃত বুলবুলের লাশ গোসলসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।

রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ভেড়ামারা ফারাকপুর গোরস্থানে জানাজা শেষে তার লাশ সমাধিস্থ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাজী আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আল বেরুনী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, ভেড়ামারা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর