আগামী জুলাই মাসের মধ্যে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালকে ৫০ শয্যা থেকে সম্পূর্ন ১৫০ শয্যার করোনা হাসপাতালে উন্নীত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।
আজ (রোববার) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।
১৫০ শয্যার ওই হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাবের আরও একটি মেশিন স্থাপন করা হবে বলে জানান তিনি। একইসাথে তদন্ত কমিটি গঠন করে হাসপ্তালে বিভিন্ন অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রয়োজনে দুদকের মাধ্যমও গ্রহন করতে পারেন।
তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন ৩০০ শয্যা হাসপাতালে মাত্র ৫০জন রোগী কেন। এখানে বিষয়টি হচ্ছে সাধারণ হাসপাতালের সাথে করোনা হাসপাতালের অনেক বড় পার্থক্য রয়েছে। এখন সাধারণ রোগী এখানে আসতে তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক কিছুর পর প্রধানমন্ত্রীর সহযোগীতায় আমরা পিআর ল্যাব স্থাপন করতে পেরেছি। সে সময় আমাদের জেলা প্রশাসক ও সিভিল সার্জন করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
বার্তাবাজার/এসজে