প্রাণঘাতী করোনা সংক্রমণ পরিক্ষার জন্য আরও ৬৫ জন সংসদ সদস্য নমুনা দিয়েছে। সংসদের চলতি বাজেট অধিবেশনের আরও ৪ কার্যদিবসের জন্য নির্ধারিত ১৭০ জনের নমুনা পরীক্ষার অংশ হিসাবে গতকাল শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে বাজেট অধিবেশনে সাংসদদের ভাগ করে অধিবেশনে অংশ নেওয়ার পরিকল্পনা আগেই নেওয়া হয়। সে মোতাবেক প্রতিদিন ৮০-৯০ জন সাংসদ অংশ নেন। প্রত্যেকের সাংসদের আসনের মধ্যে দূরত্ব বজায় রাখা হচ্ছে। এরপরও কোনো ঝুঁকি নিতে চাইছে না সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ সাংসদের নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে শনিবার থেকে নমুনা জমা দিচ্ছেন সাংসদেরা। প্রথম দিন ২০ জন সাংসদ নমুনা দিয়েছেন। আজ রোববার আরও ৪৫ জন দিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। আগামীকাল সোমবারও সাংসদদের নমুনা সংগ্রহ করা হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আমরা তিনদিন নমুনা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়। তবে সাংসদেরা সাড়া দিচ্ছেন।’
এবার এখন পর্যন্ত বাজেট অধিবেশন তিন কার্যদিবস চলেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আগামী ২৩, ২৪, ২৯ ও ৩০ জুন সংসদের অধিবেশন চলতে পারে। সংক্ষিপ্ত পরিসরে অধিবেশনের কার্যক্রম চলবে।
বার্তাবাজার/এসজে