বিএনপির ত্রাণবাহী গাড়িবহরে যুবলীগের হামলার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রাণবাহী গাড়িবহরে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় বিএনপির ১০ জন আহত ও প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবী করছে বিএনপি।

রোববার (২১ জুন) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মাঝে আছেন শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্র নেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল ও যুবনেতা আনিছ।

এই ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী আজ দুপুরের দিকে সাতক্ষীরা জেলা শহরের কমলনগর এলাকায় সংবাদ সন্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাবী জানান এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার।

অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির অর্থায়নে তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ বিএনপি নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করতে যায়।

এ সময় পথে চুনা ব্রিজের কাছে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর দুই দফায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কমপক্ষে ১০ জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে। একই সাথে প্রাইভেটকারসহ ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ বিষয়ে শ্যামনগরের স্থানীয় সাংসদ জগলুল হায়দারের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দার ঘটনাস্থলে ছিলেন না এবং বিষয়টি জানেন না বলে দাবি করে বলেন, ‘পরে শুনেছি যে, যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কি ঝামেলা হয়েছে।’

বার্তাবাজার/জুলভার্ন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর