বাবা দিবসে যখন স্যোসাল মিডিয়ায় বাবাদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত বিশ্ববাসী, ঠিক তখনই কুমিল্লায় ঘটলো নারকীয় এক ঘটনা। বাবা দিবসের শুরুর দিকটায় অর্থাৎ শনিবার গভীর রাতে করোনায় আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে রেখে চলে গেল তারই সন্তানরা।
পরে ওই রাতেই কুমিল্লা শহরের ফয়জুন্নেচ্ছা স্কুলের বিপরীতে ডাস্টবিন থেকে খোরশেদ মিয়া নামের ওই বাবাকে উদ্ধার করে পুলিশ। ভর্তি করা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির কয়েক ঘন্টা পরেই হাসপাতালের বেডে ঢলে পড়েন মৃত্যুর কোলে।
হতভাগ্য এই বাবার মৃত্যুর পরেও তার সন্তানরা কিংবা স্বজনরা লাশ নিতে না আসায় হস্তান্তর করা হয় আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে। রোববার ভোরেই তাকে দাফন করে সংস্থাটি।
লক্ষীপুর জেলার ঐ বাবা করোনা আক্রান্ত বলে তারা সন্তানরা ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে বলে জানা যায়। এ সময় পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পষ্ট স্বরে জানালেন তার বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন হয়েছে।
বার্তাবাজার/এসজে