ডাকাতি করতে গিয়ে বরখাস্তকৃত পুলিশ সদস্য আটক

সিরাজগঞ্জে আঞ্চলিক সড়কে ডাকাতি করার জন্য প্রস্তুত হওয়ার সময় অপু কুমার (২৬) নামের এক বহিস্কৃত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার অপু কুমার শহরের বাহিরগোলা মারোয়ারিপট্টি মহল্লার মৃত রনজিত বীরের ছেলে। শনিবার (২০) জুন রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শনিবার গভীর রাতে আঞ্চলিক সড়কে দড়ি টানিয়ে যানবাহনের আটকিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় অপু কুমারকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি হাসুয়া ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় চার ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, গ্রেফতার অপু কুমার পুলিশে চাকরি করতেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়। পুলিশের চাকরি হারিয়ে ডাকাতিতে জড়ালেন অপু কুমার। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর