জীবন চলতে থাকবে, জীবন স্থবির থাকতে পারে না। তারপরেও দেশবাসীকে স্বাস্থ্যবিধিটা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার(২১ জুন) গণভবনে একনেক বৈঠকে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখতে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এরইমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলবো, আসুন সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটি শুধু বাংলাদেশ বলে না বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটিই আমরা চাই।’
শেখ হাসিনা আরো বলেন, ‘দেশবাসীকে অনুরোধ সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ জীবন স্থবির থাকতে পারে না। তারপরেও স্বাস্থ্যবিধিটা মেনে চলার আহ্বান জানাই।’
বার্তাবাজার/কে.জে.পি