করোনা সংক্রমনের দিক বিবেচনা করে ফের কক্সবাজার পৌরসভায় লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমকে লকডাউন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, সিভিল সার্জনের সুপারিশে লকডাউন আরও ১০ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ৬ জুন কক্সবাজার পৌরসভাকে রেডজোনের আওতায় এনে ২১ জুন ১৪ দিনের লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। জেলার ৮ টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে কক্সবাজার পৌরসভা। এই ছোট্ট শহরে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭জন।
তিনি আরো জানান, এবারের লকডাউন আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। তাছাড়া মোবাইল কোর্ট পরিচালনার জন্য সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
বার্তা বাজার / ডি.এস