বাকবিতণ্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

মুন্সীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মৃত অবস্থায় তুহিন বেপারি (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ওই কিশোরকে বাকবিতণ্ডারর জের ধরে হত্যা করে তার বন্ধু মেহেদি হাসান। পুলিশ বলছে, আজ শনিবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এমন তথ্য দিয়েছে মেহেদি।

নিহত তুহিন মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার মো. মামুন বেপারির ছেলে। সে একই এলাকার বন্ধু মেহেদী(১৯) ভাড়ায় চালিত মিশুক চালানোর দ্বন্দে খুন হয়।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, তুহিনের বন্ধু মেহেদী হাটলক্ষীগঞ্জ এলাকার রহম আলীর কাছ থেকে একটি মিশুক ভাড়া নেয়। তুহিন গত মঙ্গলবার সেই মিশুকটি মেহেদীর কাছ থেকে ভাড়া নেয়। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তুহিন নিখোঁজ হয়। গতকাল শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভোতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তুহিনের লাশটি উদ্ধার করে পুলিশ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিচুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর মিশুকের মালিক, তার ছেলে ও মেহেদিসহ চারজনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়। জিঙ্গাসাবাদে তুহিনকে হত্যার বিষয়টি স্বীকার করে মেহেদি। শনিবার দুপুরে আদালতে জবান বন্দিতে মেহদি জানায়, সে অসুস্থ থাকায় তাঁর বন্ধু তুহিনকে মিশুকটি চালাতে দেয়। মঙ্গলবার দুপুরে তুহিনের কাছে মিশুক চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে বাংলা বাজার যায় তুহিন। সে সময় মেহেদিও সাথে ছিল। যাত্রী নামানোর পর মিশুকটি নিয়ে আবারো দুজনের মধ্যে দ্বন্দ হয়। একপর্যায়ে নদীর পাড়ে নির্জন স্থানে হাতাহাতি হয় তাদের। মার খাওয়ার কারণে তুহিন জ্ঞান হারায়। এসময় মুখ, হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় তুহিনকে।

ওসি আরো বলেন, এ ঘটনায় তুহিনের বাবা মামুন বেপারি বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছে। মেহেদিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর