টাঙ্গাইলের সখীপুরে করোনাকালে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল আত্মসাত করার অভিযোগে এক নারী ইউনিয়ন পরিষদ সদস্যকে পাঠানো হয়েছে কারাগারে। অভিযুক্ত ওই নারী উপজেলার কালিয়া ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ফজিলাতুন্নেসা (৪৫)।
আজ (শুক্রবার) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই নারী সদস্যের ভাতিজি শাহনাজ বেগমের হেফাজত থেকে আট বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা ৫ হাজার টাকা জরিমানা করেন শাহনাজ বেগমকে।
এই ঘটনায় ওইদিন রাতেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার বাদী হয়ে ওই নারী ইউপি সদস্যকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। যার প্রেক্ষিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ফজিলাতুন্নেছাকে।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগে ওই নারী সদস্যকে শনিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/নিমফুল