দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

দীর্ঘ ৯ মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন গুনী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

গত ১১ জুন রাত আড়াইটার দিকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন এই সংগীতশিল্পী।

তিনি বর্তমানে মিরপুরের বাসায় রয়েছেন। তবে বর্তমানে তার শরীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তিনি বলেন, ‘গত ১১ জুন দেশে এসেছি। বর্তমানে মিরপুরের বাসাতেই আছি। কিন্তু কাউকে জানানো হয়নি। শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। কোলাহল মুক্ত পরিবেশে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। সেই নির্দেশনা মেনে চলার চেষ্টা করছি।’

উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। এছাড়া ক্যান্সারে আক্রান্ত তিনি।

চিকিৎসার খরচ জোগাতে এন্ড্রু কিশোর এরইমধ্যে তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাট বিক্রি করেছেন। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশকিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ শিরোনামের গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এন্ড্রু কিশোর। তবে এ জে মিন্টু পরিচালিত ‘প্রতীজ্ঞা’ সিনেমার ‘এক চোর যায় চলে’ গান দিয়ে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান তিনি। পাশাপাশি সম্মাননা হিসেবে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন কিংবদন্তি এই শিল্পী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর