আজ এক অভিনেতা সুশান্ত মারা গিয়েছেন। কাল সঙ্গীত জগৎ থেকেও এ রকম খবর আপনারা শুনতেই পারেন বলে মন্তব্য করেছেন গায়ক সোনু নিগম।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু নিগম।
সেখানেই তার অভিযোগ, শুধু সিনেমা জগতেই নয় রাজনীতি চলে সঙ্গীত জগতেও। মাত্র দুই মিউজিক কোম্পানি এবং দুই অভিনেতার অঙ্গুলের ইশারয় চলে গোটা বলিউড মিউজিক জগৎ, তা বার বার উঠে এসেছে সোনুর ওই ভিডিওতে।
তার কথায়, ‘আজ এক অভিনেতা মারা গিয়েছেন। কাল সঙ্গীত জগৎ থেকেও এ রকম খবর আপনারা শুনতেই পারেন। কারণ, দুর্ভাগ্যক্রমে এখানে সিনেমার থেকেও বড় মাফিয়া রয়েছেন।’ সোনুর অভিযোগ, অনেক সময়েই হয়েছে, সুরকার রাজি, প্রযোজক রাজি কিন্তু শেষ মুহূর্তে মিউজিক কোম্পানির নির্দেশে পূর্ব নির্ধারিত গায়ককে বাদ দিয়ে অন্য গায়ককে দিয়ে গান গাওয়ানো হয়েছে। এখানেই শেষ নয়, রেডিওতে কী গান চালানো হবে, টিভিতে কোন গান বেশি চলবে তাও নিয়ন্ত্রিত হয় ওই দুই কোম্পানির দ্বারাই।
নিজের সঙ্গেও যে এরকমটা হয়েছে সে কথাও অকপটে স্বীকার করে নেন গায়ক। নাম না নিয়ে এক অভিনেতার প্রসঙ্গে সোনু বলেন, ‘এমনও হয়েছে, আমাকে দিয়ে একটি গান গাওয়ানোর পর তা কিছু অজানা কারণে অরিজিৎ সিংহের কাছে চলে গিয়েছে। ১৯৮৯ সাল থেকে কাজ করা একজন মানুষের সঙ্গেও যদি আজ এরকমটা হতে পারে, তা হলে নতুন বাচ্চা, যারা সবে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের কী অবস্থা হয় সেটাই আমি ভাবছি।’
মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রিতে সদ্য পা দেওয়া ছেলেমেয়েরা তাদের অকারণে বাদ পড়ার দারুণ যন্ত্রণা নিয়ে ফোন করেন তাকে। কী ভাবে শেষ মুহূর্তে কাজ হারানোর যন্ত্রণা প্রতি মুহূর্তে কুরে কুরে খায় ওই সব ছেলেমেয়েদের, তা নিজে চোখে দেখেছেন বলেই জানান সোনু নিগম। সঙ্গীত জগৎকে নিজেদের কুক্ষিগত করে রাখা ওই দুই মিউজিক সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ ভাবে কাউকে প্রতারিত করবেন না। ওই সমস্ত নিউকামারদের চোখের জল, হতাশা মাখা মুখের মুল্য অনেক। দেখবেন, তাদের অভিশাপ যেন আপনাদের নিজের গায়েই না লাগে।’
বার্তবাাজার/কে.জে.পি