অবশেষে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতাকে থানায় দিল র‍্যাব

যশোরে নিখোঁজ ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল ও তার বন্ধু রিপন সরকারকে মনিরামপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব-৬ খুলনার একটি দল। র‍্যাবের পক্ষ থেকে দু’জনের নামে একটি অস্ত্র আইনের মামলা করায় সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ইব্রাহিমসদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলাম শিক্ষা বিভাগের ছাত্র। তার বাড়ি সদর উপজেলার নতুনহাট গ্রামে। অপর তরুণ রিপন সরদার সদর উপজেলার মেঘলা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬-এর একটি দল ওয়ান শুটার গান ও একটি রাম দাসহ ইব্রাহিম ও রিপনকে থানায় নিয়ে আসে। র‌্যাব-৬ খুলনা কোম্পানি স্পেশাল কমান্ডের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদার বাদী হয়ে থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় ইব্রাহিম ও রিপনকে গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, মামলাত বলা হয়েছে গত বুধবার (১৭ জুন) রাতে মনিরামপুরের চিনাটোলা গ্রামের জনৈক আসাদের বাড়ির পাশের বাগানে বসে ডাকাতির প্রস্তুতি চলছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে র‌্যাব-৬ খুলনার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তারা গুলিভর্তি একটি ওয়ান শুটার গান এবং একটি রাম দাসহ ইব্রাহিম এবং রিপন সরদারকে আটক করে।

তবে ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল লোক ১৩ জুন রাতে যশোরের ঝিকরগাছার লাউজানি বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ওই দুজনকে ধরে নিয়ে যায়। এরপর যশোরে পুলিশ ও র‌্যাব অফিসে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এ অবস্থায় ১৬ জুন দুপুরে ইব্রাহিমের মা নূরজাহান বেগম ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর