মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ সুপার মো. ফরিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার মহিউদ্দিনের আয়রন ওয়াসিং মিলে তল্লাশী করে ২৫ বস্তা ও মিরেশ্বর এলাকার মো. হাবিবুর রহমানের একতা ফাইবার ইজা নামক নেট জাল তৈরীর কারখানা থেকে ২২ বস্তা অবৈধ কারেন্ট জালসহ মোট ৪৭ বস্তা উদ্ধার করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৪০ লাখ মিটার।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।
বার্তা বাজার / ডি.এস