নমুনা সংগ্রহ করতে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের হুমকি

কুমিল্লার মনোহরগঞ্জে করোনার নমুনা সংগ্রহ করতে যাওয়ায় স্বাস্থ্যসেবীদের উপর হামলার চেষ্টা ও হুমকি দেয়া হয়েছে। আজ (শুক্রবার) উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাফর ইকবাল জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, বিপুলাসার এলাকায় এক ব্যাক্তি ১৮ দিন ধরে করোনা পজেটিভ। ১৪ দিন পরেই তাকে করোনামুক্তের ঘোষণা দেয়ার কথা থাকলেও নমুনা সংগ্রহের কারণে তা করা যায়নি। আজ আমাদের একটি টিম ঐ রোগীর এলাকা দিয়ে যাবে বলে তাদেরকে তার নমুনা সংগ্রহের নির্দেশ দেই।

সেই মোতাবেক তারা গাড়ি নিয়ে রাস্তা খারাপের জন্য ওই রোগীর বাড়ি পর্যন্ত না যেতে পারায় স্বাস্থ্যবিধি মেনে তাকে স্থানীয় স্কুলের মাঠে আসতে বলা হয়। তিনিও সেভাবেই আসেন। ত্খন একদল লোক নমুনা সংগ্রহকারী টিমকে এসে ঘিরে ধরে। এ সময় তারা বলে, কার অনুমতিতে এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন? এ সময় ওই টিমে দু’জন মহিলা ডাক্তারও ছিল। তাদের সঙ্গে বাজে ব্যবহার করে। দুই নারী চিকিৎসককে রক্ষার সময় স্বাস্থ্য সহকারীকে তারা মারতে চান।

পরবর্তীতে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় টিম সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে।

তিনি আরও জানান, এই ঘটনায় চিকিৎসকরা আতঙ্কিত। স্থানীয়রা যেভাবে উত্তেজিত হয়েছে যে কোনও কিছুই হতে পারতো। এতে গ্রামে গিয়ে অনেকে নমুনা নিতে চাইবে না। তারা উপজেলায় আসলে সংক্রমণ বাড়বে। দোষীদের বিচারের দাবি জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর