চাকরি না পেয়ে মানসিক হতাশা থেকে মাস্টার্স সম্পন্ন করা এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুন) সকালে পাবনার সাথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম এনামুল হক সুইট (৩৫)। আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাহার আলী ওরফে আতাহার মিলিটারির ছেলে। সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করার পরও চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের মামা বাশার মোল্লা জানান, সুইট ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেছে। সে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে থাকত। তার মা বছর দুয়েক আগে ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী।
নিহতের আত্মীয়রা জানান, সুইট দীর্ঘদিনেও কোনো চাকরি পাননি। মাঝে কিছুদিন একটি কিন্ডারগার্টেনেও চাকরি করেন। সরকারি বা বেসরকারি ভালো চাকরি না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত ও মানসিক অস্থিরতায় ছিলেন।
সুইটের বাবা আতাহার আলী বলেন, রাতে খাবার খেয়ে সুইট নিজ ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পায় সুইট দরজা আটকানো ঘরে গলায় ফাঁস দিয়েছে। সকালে পুলিশ এসে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
আতাইকুলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
বার্তা বাজার / ডি.এস