সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ২১ জুন থেকে প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সটি।
এমিরেটস বাংলাদেশ জানিয়েছে, বেবিচকের কাছে দুবাই থেকে ঢাকার ফ্লাইটের অনুমতি চাওয়া হয়। ফলে বেবিচক কর্তৃপক্ষ ২১ জুন থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়।
সূত্র জানায়, তারা সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে। দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধু ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস। তবে সে দেশের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে।
জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইনস। ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে ইকে৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে৫৮৫ ফ্লাইট।
করোনা ভাইরাসের মহমারি পরিস্থিতি কাটিয়ে বিশ্বের ৪০ টি দেশে ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইনস। এর মধ্যে আগামীকাল ২০ জুন থেকে কলম্বো; শিয়ালকোট (২৪ জুন); ইস্তানবুল (২৫ জুন); অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি (১ জুলাই); বার্সেলোনা ও ওয়াশিংটন ডিসি (১৫ জুলাই)।
বার্তা বাজার / ডি.এস