ঘরের ভেতর থাকা গায়েবি মাজার থেকে মিলছে করোনার ওষুধ!

চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘরে তিনটি ভুয়া মাজার তৈরী করে মহামারী করোনার কার্যকর ওষুধ হিসাবে পানি পড়া দেয়ার ব্যবসা শুরু করেছিলেন শাকেরা খাতুন নামের এক নারী। পুলিশের কানে একথা যাওয়ার সাথে সাথে এসে গুড়িয়ে দিয়েছেন কথিত মাজারটি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) উপজেলার গুন্দ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতারক শাকেরা খাতুন একই গ্রামের ছাদেক আলী তালুকদার বাড়ির মোহাম্মদ আলীর স্ত্রী।

জানা যায়, গত কয়েকমাস ধরে নিজের ঘরের ভেতর মাজার বানিয়ে শাকেরা খাতুন হাজিরা দেখাসহ দিয়ে আসছিলেন করোনা থেকে মুক্তির চিকিৎসা। মাজারের প্রচারণা চালাতে মাঠে নামান কিছু নারী-পুরুষকে। চারদিকে ছড়িয়ে পড়ে গায়েবি মাজারে করোনা মুক্তির পানি পড়া দেয়া হচ্ছে।

শাকেরা খাতুন দাবী করেন, স্বপ্নের মাধ্যমে তার ঘরের ভেতর মা ফাতেমা, খাজা গরীবে নেওয়াজ ও গরম বিবির নামে মাজার করতে বলা হয়। তাই তাদের নামে তিনটি কবর করে গিলাফ টানিয়ে মাজার করেন তিনি। মাজারের পাশে হাজিরা দেখার আসন বসিয়ে করোনাসহ বিভিন্ন রোগমুক্তির পানি পড়া দিয়ে আসছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, ঘরের ভেতর মাজার করে করোনা মুক্তির পানি পড়া দিচ্ছিলেন ওই নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কথিত মাজারটি গুঁড়িয়ে দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর