সুশান্তের শোকে আত্মহত্যা করলেন ২ ভক্ত

‘সে চলে গেলেও, থেকে যাবে তাঁর স্পর্শ আমার হাতের ছোঁয়ায়…’ চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বুক চাপড়ে কাঁদছেন তাঁর প্রিয়জনরা, অগণিত ভক্তকূল। নায়কের এই অসময়ের বিদায় নিয়ে কত প্রশ্ন জমা হচ্ছে অনুরাগীদের বুকের ভিতর। অনেকেই অবশ্য শোকে পাথর হয়ে নিজের জীবনকেই মূল্যহীন করে বিদায় নিচ্ছেন পৃথিবী থেকে। যেন প্রিয় অভিনেতার পিছু নিচ্ছেন তাঁরা। এই যেমন হুগলির উত্তরপাড়াতেই ঘটল মর্মান্তিক ঘটনা।

সুশান্তের মৃত্যুর পর তাঁকে নিয়ে ফেসবুকে লিখেছিলেন ভক্ত অরুন্ধতী দাস। লিখেছিলেন, ‘তুমি রবে নীরবে…..প্রিয় সুশান্ত’। কিন্তু বুকে চেপে বসা শোকটা যেন কিছুতেই ছেড়ে যাচ্ছিল না। ভিতরটা উথাল-পাতাল হয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল সেই তরতাজা তরুণী অরুন্ধতীর নিথর দেহ। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা জানিয়ে দিলেন, ‘সব শেষ!’

ব্যক্তিগত জীবনেও অবশ্য লড়াই চলছিল অরুন্ধতীর। লকডাউনে হারিয়ে যায় কাজ, বছর দুয়েক আগে বিবাহ বিচ্ছেদ। ফলে সুশান্তের ‘নিঃসঙ্গতা’ নিয়ে যখন চারিদিকে আলোচনা, অরুন্ধতীও হয়ত সেই জায়গাটায় কোথাও মিলিয়ে ফেললেন নিজেকে। শেষ করে দিলেন নিজের জীবন।

অরুন্ধতীই অবশ্য প্রথম নন, সুশান্তের শোকে আত্মঘাতী হয়েছে উত্তরপ্রদেশের বরেলির দশম শ্রেণির এক ছাত্রও। নিজের জীবন দাঁড়ি টানার আগে সে লিখে গিয়েছে, ‘যদি সুশান্ত পারে তাহলে আমি কেন পারব না।’

একই ঘটনা ঘটেছে সুশান্তের বড় হওয়ার জায়গা বিহারেও। সতেরো বছরের এক তরুণী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পটনায়। সেই তরুণীই ডিপ্রেশনে ভুগছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। এরই মধ্যে প্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যুর খবর দেখে আরও ভেঙে পড়ে সে। দুপুরে একলা থাকার সুযোগে বেডরুমের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর