আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোন কোন কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে।
শুক্রবার (১৯শে জুন) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ অনুরোধ জানান তিনি।
এসময় এ ধরনের সমন্বয়হীন ও অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই। আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর, সংকটে দৃঢ় আস্থা শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁর সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।
ওবায়দুল কাদের আরও বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পর পরই দ্রুত এবং কার্যকরভাবেে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি