চলে গেলেন দেশের প্রথম বাঁহাতি স্পিনার

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই ক্রিকেটের বড় তারকা এবং কিংবদন্তিতুল্য জাতীয় ক্রিকেটার রামচাঁদ গোয়ালা। মৃতুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রামচাঁদের নাতি প্রাঞ্জল গোয়ালা এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই সাবেক স্পিনার। দেশের ক্রিকেটে প্রথম বাঁহাতি স্পিনার ছিলেন রামচাঁদ। নব্বই দশকের মাঝামাঝি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন রামচাঁদ। আশির দশকের শুরু থেকে নব্বই দশকের মাঝামাঝি সময় ধরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন তিনি। নিজের স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী করেছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকেও। কিন্তু এবার মৃত্যুর সঙ্গে লড়াই করে আর পেরে উঠলেন না প্রতিথযশা এই ক্রিকেটার।

১৯৪১ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহে জন্ম নেয়া রামচাঁদ আবাহনীর আগে খেলেছেন ঢাকার টাউন ক্লাবের হয়ে। এরপর আবাহনীতে যোগ দিয়ে টানা ১৫ বছর খেলেন রামচাঁদ। পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।

রামচাঁদের মৃত্যুর ব্যাপারে তাঁর নাতি প্রাঞ্জল একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হার্টের সমস্যায় ভুগছিলেন রামচাঁদ। তিনি বলেন, ‘সপ্তাহ খানেক আগে অস্ত্রোপচার হওয়া চোখে চোখ উঠেছিল। সেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি। গতকাল থেকে চোখের ব‌্যথা কমে আসলেও বুকে ব‌্যথা অনুভব করছিলেন। ডাক্তাররা বলেছিলেন হার্ট বড় হয়ে গিয়েছিল। স্বাভাবিক কাযক্রম হচ্ছিল না।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর