সড়ক-মহাসড়কে ১০৯ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন চাঁদাবাজির অভিযোগে ১০৯ জন চাঁদাবাজ গ্রেফতার করেছে পুলিশ। আইজিপির নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

চলতি মাসের ১ তারিখ থেকে পরিবহন চাঁদাবাজিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা জানান, চলতি মাসের শুরুর দিকে আইজিপি ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেন।

এ লক্ষ্যে সড়ক ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বৃহস্পতিবার এক বিবৃতিতে পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

তারা আইজিপি ড.বেনজীর আহমেদকে ধন্যবাদ জানিয়ে জানান, দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছিলেন। আইজিপির নির্দেশনার পর থেকে এখন দেশের অধিকাংশ সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার জন্য বিবৃতিতে অনুরোধ জানান তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর