যশোরে নিখোঁজ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে করা সংবাদ সম্মেলন পুলিশের বাঁধায় পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে প্রেস ক্লাবে এই ঘটনা ঘটেছে।
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলকে র্যাব পরিচয়ে তুলে নেয়া হয়। তারপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ বিষয়ে যশোর সদর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রহমান তুহিন বলেন, ৫/৬ দিন ঘরে একজন ছাত্রদল নেতা নিখোঁজ। এই ঘটনায় দল ও পরিবার খুবই উদ্বিগ্ন। ইব্রাহিমের সন্ধানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। এরপর বিকাল ৪টায় তাদের সংবাদ সম্মেলনের কর্মসূচি ছিল।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, সম্মেলন শুরুর কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের সামনে পুলিশের একাধিক গাড়ি এসে অবস্থান নেয়। যখনই সংবাদ সন্মেলন শুরু হবে তখনই তারা এসে জানায়, পুলিশ সুপারের অনুমতি না থাকায় এই সন্মেলন করা যাবে না। এক পর্যায়ে বাঁধার মুখেই সেটা বন্ধ করেন তারা।
জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ছাত্রদল নেতা নিখোঁজের ঘটনায় জিডি নেয়া হয়েছে। তার সন্ধানে পুলিশ কাজ করছে। তবে সংবাদ সম্মেলনে বাধা দেয়া হয়েছে কি না জানা নেই।
বার্তাবাজার/এসজে