বাংলাদেশের উজানে ও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদীগুলোর পানি অতিদ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে চলতি মাসের শেষের দিকেই দেশের বিভিন্ন এলাকায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যার শুরু হতে পারে।
বুধবার (১৭ জুন) এমন পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অব্যাহত বৃদ্ধির কারণে জুন মাসের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা জেলার নিম্নাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, বাংলাদেশ ও উজানের অববাহিককায় প্রবল বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারণে জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার বিভিন্নস্থানে বিপদসীমা অতিক্রম করবে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনার জেলার নিম্নাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’
এদিকে আগামী আরও তিন-চারদিন দেশে ভারী থেকে হালকা বর্ষণ হতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘মূলত মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। তাছাড়া বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। একারণে প্রবল বৃষ্টিপাত হতে পারে।’
বার্তাবাজার/এসজে