সাভারে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান

ঢাকার সাভারে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাধারণ মানুষজনকে সচেতন করার কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সাভারের বিভিন্ন এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সাভার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় হোটেল, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধারায় জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বার্তা বাজারকে জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সাভার বাসস্ট্যান্ড এলাকায় শুভেচ্ছা হোটেল, রাজভোগ ভিআইপি সুইটস এবং সাভার থানা রোডে ক্যাফে মেট্রো রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
ছবি: বার্তাবাজার।

এসময় শুভেচ্ছা হোটেলে রান্নাঘর অপরিষ্কার থাকায় ৫০০০ টাকা, রাজভোগ ভিআইপি সুইটস এ মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ার জন্য ৫০০০ টাকা এবং ক্যাফে মেট্রোতে দু’জন স্টাফ যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ২০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
ছবি:বার্তাবাজার।

তিনি আরও জানান, আজকের অভিযানে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯’ এর বিভিন্ন ধারায় অপরাধ করায় মোট ১৯টি মামলায় ১৯ জনকে ১৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছারা জনগণকে সচেতন করা ও মোবাইল কোর্টে জরিমানা করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ করা সহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং এব্যাপারে সচেতন সকল মহলের সহযোগিতা কামনা করছি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর