ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, ধর্ষক আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছাত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেওয়ার অপরাধে সৈয়দ তুরান (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার মুঠোফোন থেকে ধর্ষণের ভিডিও উদ্ধার করা হয়।

বুধবার রাতে পর্নোগ্রাফি ও ধর্ষন মামলায় তাকে পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক জয়পাশা গ্রামের সৈয়দ তুরানকে আসামি করে বুধবার রাতে বোয়ালমারী থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৯। এ মামলায় আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। গত ১০জুন ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমোতে ছড়িয়ে দেওয়ায় ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮জুন) থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর