করোনা আক্রান্তে কানাডাকে টপকে গেল বাংলাদেশ

করোনার ছোবলে বিপর্যস্ত পুরো বিশ্ব। সময় যত গড়াচ্ছে ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের হালচাল জানানো পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষ দেশগুলোর তালিকায় ১৭তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

গতকাল বুধবার ওয়ার্ল্ডোমিটারের ওই তালিকার ১৮তম স্থানে ছিল বাংলাদেশ। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা যোগ হতেই আজ বৃহস্পতিবার কানাডাকে ছাড়িয়ে ১৭তম স্থানে চলে যায় দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এই দেশটি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের তথ্য জানা যায়। এর ১০৩তম দিন বৃহস্পতিবারে এসে এ সংখ্যা ঠেকেছে এক লাখ দুই হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৪৩ জন আর সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

শনাক্ত হওয়ার পর শুরুর দিকে বাংলাদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও মে মাসের শেষ এবং জুনের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে উভয় সংখ্যা। তবে দুই সপ্তাহ ধরে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা সিংহভাগ ক্ষেত্রে তিন হাজারের বেশিই দেখা যাচ্ছে। সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী গ্রাফই বাংলাদেশকে বসিয়েছে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন এবং কানাডার ওপরে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর