করোনায় দেশে মৃতের সংখ্যা ১৩’শ ছাড়িয়েছে। শুধু দেশে নয় দেশের বাহিরেও অনেকেই মারা যাচ্ছেন মরণঘাতী এ ভাইরাসে। যার মধ্যে সৌদি আরবে ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এদের অনেকেই মারা গেছেন উপসর্গ নিয়ে।
তিনি বলেছেন, ‘সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত ছিলেন।’
বুধবার (১৭ জুন) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তাদের এক অনলাইন সভায় তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা প্রবাসীদের সকল সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা দিয়েছি। সৌদি আরবের সকল প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন।
আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে। মৃত প্রবাসীদের লাশ দাফনে জরুরি ভিত্তিতে সকল আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবে আটকেপড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।’
কে.এ.স/বার্তাবাজার