কৃষকের কাছে সরাসরি ধান ক্রয় করতে কৃষক সমিতির মানববন্ধন

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু, করোনাকালে এনজিওর ঋণের কিস্তি আদায় স্থগিত, ফসলের লাভজনক মূল্য নিশ্চিতকরণ ও উত্তরবঙ্গে টমেটো সংরক্ষণের হিমাগার নির্মাণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মাববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কৃষিক সমিতির বক্তারা দাবি জানান, কৃষকদের পাশে সবার আগে এগিয়ে আসতে হবে। কৃষকরা যদি উৎপাদন করে ফসলের ন্যায্যমূল্য না পায় তাহলে দেশের কৃষকরা কৃষি ক্ষেত্রে লোকসান গুণবে।

সরকারিভাবে যে ধান ক্রয় করা হয় তা যেনো সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হয়। অনেক কৃষকরা জানেই না তাদের ধান কিভাবে দিতে হয়। আবার সরকারি গোডাউনে ধান দিতে কৃষকের পরিবর্তে মধ্যস্বত্ত্বভোগী এক শ্রেণির লোক মুনাফা হাতিয়ে নিচ্ছে। এসব বন্ধ করতে হবে।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চাল করতে হবে। কৃষকদের উপজেলা বা বাড়ি থেকে যাতে বেশি দূরে যেতে না হয় এজন্য প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র চালুর মাধ্যমে কৃষকদের ধান কিনতে হবে।

কৃষক সমিতির নেতারা দাবি করে বলেন, ‘উত্তরবঙ্গে প্রচুর টমেটো চাষাবাদ হয়ে থাকে। কিন্তু কৃষকরা টমেটোর দাম পায় না। ফলে প্রতি বছর অনেক টমেটো চাষীকে লোকসানের মুখে পড়তে হয়। এজন্য টমেটো সংরক্ষণ করার জন্য উত্তরবঙ্গে টমেটোর হিমাগার স্থাপন করতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসাইন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম, কৃষক সমিতির জেলা সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক দয়ারাম রায়, কৃষকনেত্রী সবিতা রাণী, গবেষক আলীমুজ্জামান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতা এস এম চন্দন, যুব ইউনিয়ন নেতা অমৃত রায়, ছাত্র ইউনিয়ন নেতা অন্ত বসাক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর