সাভার উপজেলা যুবলীগ সভাপতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকায় বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সাভার উপজেলা যুবলীগের সভাপতি ফয়সাল আহমেদ এর নেতৃত্বে তাঁর বসবাসের এলাকা আমবাগানে রাস্তার দু’পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

ছবি: বার্তা বাজার।

এব্যাপারে বার্তা বাজারকে উপজেলা যুবলীগ সভাপতি ফয়সাল আহমেদ জানান, সারা বিশ্বব্যাপী যে করোনা দুর্যোগ চলছে, এর ঢেউ বাংলাদেশেও এসে পৌঁছেছে। এই সংক্রমণের ভিতরেও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ব্যক্তি পর্যায় থেকে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতি এই বর্ষায় বৃক্ষরোপনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অন্তত প্রত্যেকে যেন তিনটি করে হলেও গাছ লাগায়। এতে করে আমাদের দেশ যে হারে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে, এই বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা ওই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে পারবো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকেও দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমাদের ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজান ভাই গতকাল আমাকে বলেছেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ এসেছে বৃক্ষ রোপণের জন্য। সেই নির্দেশ মোতাবেক আমরা সাভার উপজেলা যুবলীগ আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী আমি আমার নিজ এলাকা আমবাগানে রাস্তার পাশে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করছি। এই কর্মসূচিতে স্থানীয় পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লেহাজ উদ্দিন, আমার বন্ধুবান্ধব এবং স্থানীয় রাজনৈতিক সহকর্মীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও জানান, মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি আমার সাভার উপজেলা যুবলীগের সকল নেতাকর্মীদের নিয়ে করার কথা থাকলেও বিশেষ একটি কারণে তা সম্ভব হয়নি। আমার বাসার কয়েকজন সদস্য করোনা পজিটিভ এবং তারা নিয়ম মেনে যথারীতি আইসোলেশনে রয়েছেন এবং আমিও আইসোলেশনে রয়েছি। তবে আমি নিজের পরীক্ষা করিয়েছি এবং রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। এজন্য এই প্রোগ্রামটি বিস্তৃত করা সম্ভব হয়নি কারণ আমি বাইরে বের হতে পারছিনা। এরপরও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী নিজের বাড়ি সংলগ্ন রাস্তায় শুধু এই কর্মসূচি চলাকালীন সময়ে বের হয়েছি। আমি আমার উপজেলা যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান রাখছি আমাদের দেশকে রক্ষা করতে প্রত্যেকেই অন্ততপক্ষে তিনটি করে গাছ এই বর্ষায় যেন রোপণ করে।

সরেজমিন দেখা যায়, আমবাগান এলাকায় রাস্তার দু’পাশে নারিকেল গাছের চারা, কাঁঠাল গাছ, আম, জাম, বরই, লেবু, আমলকি, নিম গাছ সহ বিভিন্ন ধরণের শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলাকালে সাভার উপজেলা যুবলীগের সভাপতি ফয়সাল আহমেদ এর সাথে আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লেহাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন খান লিমন, মাহমুদুল হাসান, জাবি স্কুল ও কলেজের প্রভাষক বদিউজ্জামান রাজু, জাবি প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম বাবু, নাজমুল হাসান প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর