দেশে মাত্র ১৬ দিনেই করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। মাত্র ১৬ দিনেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

গত ০২ জুন দেশে মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জনের শরীরে। আজ ১৮ জুন আক্রান্তে বেড়ে দাড়িয়েছে ১ লাখ ২ হাজারের বেশি।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৫ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে প্রথমবারের মতো গত ৮ মার্চ একদিনেই তিনজনের শরীরে মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছিল আইইডিসিআর।

দেশে গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর প্রায় প্রতিদিনই বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। দেশে এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু ব্যাপক আকার ধারণ করে। এরপর দেশের বিভিন্ন স্থানে ঈদ কেন্দ্রিক মানুষের অবাধ গমনাগমনে ব্যাপক হারে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর