হাটহাজারী মাদ্রসার সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে চাননি বলে দাবী করে বিবৃতি দিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব ও ইসলামিক নেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী।
বুধবার (১৭ জুন) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
পাঠানো বিবৃতিতে বলা হয়, মজলিসে শুরার সদস্যদের কাছে হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে সরাসরি পদত্যাগ বা পদত্যাগের বিষয়ে কোনো প্রকারের সম্মতি প্রকাশ করেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুরের সভাপতিত্বে হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শেষের দিকে আমাকে ডাকা হয়। কিন্তু বৈঠকে আমাকে মুঈনে মুহতামিমের পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে শুরার সদস্যরা আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পর একজন সদস্য মুঈনে মুহতামিমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি, মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে এবং একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীন সাহেবের বরাতে প্রচারিত হচ্ছে যে, আমি মজলিসে শুরার সদস্যদের কাছে সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহীন। আমি শুরার সদস্যদের নিকট কোনো পদত্যাগ চাইনি।
বার্তাবাজার/এসজে