এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক, গায়ক ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। একইসাথে আক্রান্ত হয়েছেন চ্যানেলটির চেয়ারম্যান ও তার স্ত্রী ফারজানা মুন্নী।
গতরাতে (মঙ্গলবার) সস্ত্রীক করোনা আক্রান্তের সংবাদটি জানান তাপস নিজেই। একইসাথে এক আবেগপূর্ণ ফেসবুক স্ট্যাটাসে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তিনি।
তিনি লিখেন- আমরা দু’জনেই পজিটিভ ফলাফল হাতে পেলাম! যে পজিটিভ আমাদের এক অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা। তিনিই আমাদের রক্ষা করবেন। আমরা দু’জনই মানসিকভাবে সুস্থ আছি এবং নিজ বাসাতেই আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।
গান বাংলা টেলিভিশনে দেশের বিখ্যাত গানগুলোকে দেশ-বিদেশের শিল্পী ও কলাকুশলী নিয়ে নতুন ধারায় সংগীতায়োজন করে বেশ সাড়া ফেলে দিয়েছেন তাপস।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় কাজ করে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কৌশিক হোসেন তাপস।
বার্তাবাজার/এসজে