ঠাকুরগাঁওয়ে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই এলাকার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনার পরপরই লোকজন জানাজানি হলে পালিয়ে যায় সে অপরাধী।
অপরদিকে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ গতকাল মঙ্গলবার রাতেই যৌন নিপীড়কের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে নিয়ে আসে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার খামার ভোপলা গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় শিশুটি টিভি দেখার জন্যে তার ফুফুর বাসায় গেলে আব্দুল হাই শিশুটিকে আম খাওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করলে শিশুটি চিৎকার করলে পাশে থাকা এক মহিলা জানালা দিয়ে শিশু ও যৌন নিপীড়ক দুজনকেই বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুর নানি ও পিতা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করেন।
এদিকে মামলার প্রেক্ষিতে গতকাল রাতে আসামী ধরতে গেলে আসামীকে না পেয়ে তার দুই ছেলে মানিক ও রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে আট বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
তিনি বলেন, অভিযোগ পেয়ে রাতেই আসামী ধরতে অভিযানে যায় পুলিশ, তবে আসামীকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই ছেলেকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে। আসামীকে ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
কে.এ.স/বার্তাবাজার