অবশেষে শরণখোলার তিনশ পরিবারের জলাবদ্ধতার নিরসন

অবশেষে এক মাস পর বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের তিনশত পরিবারের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহন করে।

বুধবার সকাল থেকেই পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে পাইপ বসানোর কাজ শুরু করে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) সহযোগিতায় উপজেলা প্রশাসন ও এলাকাবাসী।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, এস্কেভেটর মেশিন দিয়ে থানার ঘাটের পুরনো ড্রেনের মুখ থেকে বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। এতে কিছুটা হলেও জলাবদ্ধতা দূর হবে। ইউএনও জানান, পত্রিকার সংবাদ দেখে ওইদিন (সোমবার) বিকেলেই সিইআইপি’র কর্মকর্তাদের নিয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে মানুষের অবর্ণনীয় দুর্ভোগের দৃশ্য চোখে পড়ে।

সিইআইপির প্রকৌশলী মো. দেলোয়ার হাসেন জানান, রায়েন্দা শহর ও আশপাশ এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রকল্পের মাধ্যমে ১০টি ড্রেন নির্মান করা হবে। বর্ষা মৌসুমের পরই ড্রেনের কাজ শুরু হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানের বৃষ্টির পানি জমে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের পশ্চিম পাশ থেকে রায়েন্দা সরকারি খাদ্য গুদাম পর্যন্ত এলাকাটি জলাবদ্ধতা দেখা দেয়। রায়েন্দা শহর রক্ষা বাঁধ নির্মান করায় ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটির মুখ বন্ধ হয়ে যাওয়ায় এমন দুরাবস্থার সৃষ্টি হয়। যার ফলে, তিন শতাধিক পরিবার প্রায় একমাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করে আসছিল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর