ফেনীতে ছাত্রের বকেয়া বেতন চাওয়ায় মাদ্রাসা পরিচালক এবং মসজিদের ইমাম মামুনুর রশিদের ওপর হামলাকারী জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব।
র্যাব ৭ জানায়, ফেনী শহরের মাস্টার পড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। জাহাঙ্গীর নিজেকে যুবলীগের নেতা পরিচয় দেয় বলে দাবী স্থানীয়দের। ঘটনার পর থানায় এ বিষয়ে অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে ছিল সে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষককে চাপ প্রয়োগ করে বিষয়টি আপোষ হয়েছে বলে এক সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বাধ্য করেছিল জাহাঙ্গীর। কিন্তু হামলার বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় শেষ রক্ষা হয়নি জাহাঙ্গীরের। অবশেষে গত রাতে তাকে র্যাব আটক করে। বুধবার সকালে জাহাঙ্গীরকে ফেনী র্যাব অফিস থেকে ফেনী মডেল থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে অভিভাবকের কাছে বকেয়া বেতন চাওয়ায় পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত দারুল ঈমান ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ওই ছাত্রের অভিভাবক জাহাঙ্গীর। ১৫ মে রোববার বিকালে মাদ্রাসার সামনে এই হামলা চালানো হয়। হামলাকারী ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার মুন্সি পুকুরের পূর্ব পাশের আবুল বশরের ছেলে জাহাঙ্গীর আলম।
বার্তা বাজার / ডি.এস